Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / ৬ দফা না মানলে এক দফার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর - Chief TV

৬ দফা না মানলে এক দফার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  24 views
৬ দফা না মানলে এক দফার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর - Chief TV

জনকল্যাণে দেওয়া ছয় দফা দাবি মেনে না নিলে তা এক দফা দাবিতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় সরকারের দক্ষতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের অবস্থা ভালো নয়। রাষ্ট্র পরিচালনায় সরকারের অদক্ষতা ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। এ কারণে জনকল্যাণে ছয় দফা দাবি দেওয়া হয়েছে। এসব দাবি মেনে না নিলে আগামীতে ছয় দফাই এক দফা দাবিতে পরিণত হবে।

তিনি আরও বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায় সরকার মানেনি। ফলে সরকারের প্রতি জনগণের আর আস্থা নেই। ওসমান হাদিসহ তাদের নিহত ভাইদের হত্যার দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় হাজারো তরুণ প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তাই সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, আগামীর বাংলাদেশ হবে শহীদদের বাংলাদেশ এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ।

গণভোটের গণরায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আয়োজন করে।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় পথসভায় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


Share: