সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী থানার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এবং তাড়াশ উপজেলার তাড়াশ উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৩১)।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে তাড়াশ পৌর সদরে যুবদল নেতা মিলন খান ও পৌর বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন স্থানীয় নেতাকর্মী সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে গাঁজা ও মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি ইমাম জাফর বলেন, প্রতিটি মহল্লার সচেতন মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশকে সহযোগিতা করলে সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।
স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ। সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব।