Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি, জেলাজুড়ে উৎসবের আমেজ - Chief TV

আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি, জেলাজুড়ে উৎসবের আমেজ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  14 views
আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি, জেলাজুড়ে উৎসবের আমেজ - Chief TV

দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও পৌঁছানোর কথা রয়েছে তার। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

এ উপলক্ষে শহরজুড়ে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন, করা হয়েছে রাস্তাঘাটের আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থাও। মূল অনুষ্ঠানের জন্য ঠাকুরগাঁও জিলা স্কুলের বড় মাঠে তৈরি করা হয়েছে সংবর্ধনা মঞ্চ।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। রঙের ছোঁয়ায় বদলে গেছে শহরের বিভিন্ন এলাকার চেহারা। অনুষ্ঠানস্থল ও রাষ্ট্রপতির যাতায়াতের সড়কগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

সফরের প্রথম দিন রোববার রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

পৌরসভার বাসিন্দা মামুন হক বলেন, রাষ্ট্রপতির এই সফর শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশা করছেন তারা। তার সফরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

আরেক বাসিন্দা হাবিব বলেন, এটি শুধু রাষ্ট্রপতির সফর নয়, ঠাকুরগাঁওবাসীর কাছে ঘরের সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে বরণ করে নেওয়ার আবেগঘন মুহূর্ত। তাই তাকে স্বাগত জানাতে প্রস্তুত শহর, প্রশাসন ও সাধারণ মানুষ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী বলেন, নিজ জেলার সন্তান রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সরকারি সফরে আসছেন—এটি ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের বিষয়। তার আগমনকে ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের পরিবেশ বিরাজ করছে। একদিকে ঘরের ছেলেকে রাষ্ট্রপতি হিসেবে বরণ করে নেওয়ার আনন্দ, অন্যদিকে জেলার উন্নয়নের প্রত্যাশা—দুইয়ের মেলবন্ধনে তার আগমনের অপেক্ষায় রয়েছে ঠাকুরগাঁওবাসী।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির ৬ ও ৭ সেপ্টেম্বরের সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক এবং আশপাশের এলাকা বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে।


Share: