Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - Chief TV

আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - Chief TV

2026-08-16  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  30 views
আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - Chief TV

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আতিকুর রহমান, সাবেক আহ্বায়ক আক্কেলপুর পৌর বিএনপি মো. আলমগীর চৌধুরী বাদশা, আহ্বায়ক মো. আফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মোশফিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মৎস্য চাষিদের প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মৎস্য চাষি রমজান আলী বলেন, উপজেলা মৎস্য দপ্তর থেকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে তারা আরও বড় পরিসরে মৎস্য চাষ করতে পারবেন। এতে মাছের উৎপাদন ও আয় দুটোই বাড়বে।

পরে জাতীয় মৎস্য পক্ষের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে সফলতার স্বীকৃতি হিসেবে তিনজন মৎস্য চাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


Share: