Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের - Chief TV

বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  13 views
বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের - Chief TV

বাংলাদেশ-ভারত সীমান্তে পাথর ও বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন ভারতের বিজেপির স্থানীয় বিধায়ক দধিরাম রায়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের মেখলীগঞ্জ সীমান্তসংলগ্ন সানিয়াজান নদীকে ঘিরে এ উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজেপি বিধায়ক দধিরাম রায় বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সতর্ক রয়েছে। কোনো বাংলাদেশি ‘জিহাদি’ হোক বা অন্য কেউ, ভারতের মাটিতে পা রাখলেই তাঁকে গুলি করা হবে বলে হুমকি দেন তিনি। তাঁর দাবি, আগের দিন কিছুটা এর প্রমাণ দেওয়া হয়েছে এবং এরপর থেকে বিএসএফ আরও সতর্ক রয়েছে।

এ ছাড়া সীমান্তে দ্রুত জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং শূন্যরেখায় কড়াকড়ি আরোপের কথাও জানিয়েছেন এই বিধায়ক।

সীমান্ত এলাকার স্থানীয় বাংলাদেশি গ্রামবাসীদের দাবি, তাঁরা বাংলাদেশের ভূখণ্ডের সীমানার ভেতরে থেকেই সানিয়াজান নদীতে কাজ করছিলেন। তাঁদের অভিযোগ, বিএসএফ মাঝেমধ্যে শূন্যরেখা বা নো-ম্যানস ল্যান্ডের কাছাকাছি এসে শক্তি প্রদর্শন করে এবং বাংলাদেশি সাধারণ মানুষের ওপর চড়াও হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের গুলি বা স্টান গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

এদিকে সীমান্তে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভারতীয় বাহিনীর আচরণ এবং বিজেপি নেতার গুলি করে হত্যার হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে টহল ও সতর্কতা জোরদার করা হয়েছে।


Share: