নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল তিগ্গা পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা এলাকার বিরশা তিগ্গার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী একটি সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন শ্যামল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।