নওগাঁর মহাদেবপুরে বিএসটিআইয়ের অনুমোদন ও সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি অবৈধ কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১০ নম্বর ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর এলাকায় শাপাহার রাইস মিলের পাশে রাবিয়া ফুডস অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান সড়কের পাশে একটি পরিত্যক্ত বয়লার ঘরে দীর্ঘদিন ধরে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। সেখানে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই মটর ভাজা ডাল, বিভিন্ন ধরনের চিপস ও ‘জিরো চিপস’সহ নানা খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করা হতো। কারখানাটির নিয়ন্ত্রণে ছিলেন মোহাম্মদ সেকেন্দার রানা।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি দেখতে পায়। পাশাপাশি এসব পণ্যের জন্য বিএসটিআইয়ের কোনো অনুমোদন বা সনদও পাওয়া যায়নি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। তিনি খাদ্যে ভেজাল, বিশেষ করে শিশুদের খাবারে অনিয়মের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবৈধ ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।