বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে জেলেদের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে অপহরণ এবং একটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’। গত শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার, শিহাব হাওলাদার, সাব্বির হাওলাদার, রিপন হাওলাদার ও জাকির হাওলাদার।
জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় বৈরী আবহাওয়া থেকে বাঁচতে জেলেরা শ্যালার চরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা সশস্ত্র দস্যুরা অতর্কিত হামলা চালিয়ে তিনটি ট্রলার থেকে পাঁচ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এ সময় একটি ফিশিং ট্রলারও ছিনিয়ে নেয় তারা।
অপহরণের পর এখন পর্যন্ত দস্যুদের পক্ষ থেকে মুক্তিপণ বা অন্য কোনো বিষয়ে যোগাযোগ করা হয়নি। ফলে অপহৃত জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তাদের কোথায় আটকে রাখা হয়েছে, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে দস্যুরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি সুন্দরবনের ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।
এদিকে জেলেরা সুন্দরবনের অভ্যন্তরে বনদস্যুদের তৎপরতা ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, বৈরী আবহাওয়ার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো জরুরি।