নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সারওয়ার জাহান উজ্জল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সারওয়ার জাহান উজ্জল মান্দা উপজেলার চকভালাই গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনদের অভিযোগ, কালীগ্রামে একটি বসতবাড়ি কেনার পর উজ্জলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মার্চ দুপুরে রাজু মেম্বারের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল উজ্জলকে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে হাতুড়ি দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ও নিহতের পরিবার উজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত রাজু মেম্বারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।