কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চল নয়ারহাট ইউনিয়নে দিনব্যাপী ‘ফ্রি স্বাস্থ্য ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিলমারীর আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ফ্রেন্ডশিপ। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. স্বপন কুমার বিশ্বাস।
দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চরাঞ্চলের কয়েকশ নারী, শিশু ও বয়োবৃদ্ধের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ওষুধও দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একযোগে কাজ করছে।
আয়োজকরা জানান, প্রত্যন্ত চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।