Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / ‘চরের ছেলে’ সমালোচনার জবাব দিলেন নুরুল হক নুর - Chief TV

‘চরের ছেলে’ সমালোচনার জবাব দিলেন নুরুল হক নুর - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  69 views
‘চরের ছেলে’ সমালোচনার জবাব দিলেন নুরুল হক নুর - Chief TV

‘চরের ছেলে’ বলে সমালোচনা করায় নিজের অবস্থান স্পষ্ট করে এর জবাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, কে কী বলল, তা নিয়ে তিনি ভাবেন না; বরং নিজের কাজের দিকেই মনোযোগ দেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে নুরুল হক নুর বলেন, রাজনীতিতে আসা তার কোনো পূর্বপরিকল্পিত বিষয় ছিল না। সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত পরিবারের অনেক সন্তান নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সামনে এগিয়ে আসে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি কমিউনিটি থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তার জন্য গর্বের।

নিজের বাবার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, তার বাবা চেয়েছিলেন তিনি বিসিএস ক্যাডার হবেন। এখন তিনি অনেক বিসিএস ক্যাডারকে পরিচালনা করছেন, যা তার জন্য ভালো লাগার বিষয়।

সমালোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে নিয়ে কে কী বলল, চরের ছেলে কি না, সেটা নিয়ে আমি ভাবি না। আমি আমার কর্মের দিকে ফোকাস করি। ইচ্ছাশক্তি, আগ্রহ ও আকাঙ্ক্ষা থাকলে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে।’

অনুষ্ঠানে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নুরুল হক নুর। তিনি বলেন, বাজেটের ২০ শতাংশ এবং জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত। শিক্ষা খাতে এ বরাদ্দকে রাষ্ট্রের ব্যয় নয়, বরং বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের স্বাস্থ্য খাতকে আরও সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে বর্তমান বিশ্বে একজন সাধারণ শিক্ষার্থীও বিশ্বপরিসরে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তাই ডিজিটাল প্ল্যাটফর্ম ও তথ্যপ্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে তরুণদের পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

নুরুল হক নুর বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে না পারলে পিছিয়ে পড়তে হবে।

অনুষ্ঠানে বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Share: