ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোররাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী মিলনপুর এলাকার মৃত নছিন আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. ফরিদ জামান (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে কৌশলে মিলনপুর হাট বাজার এলাকায় ডেকে নিয়ে আসে। সেখানে তাকে পুলিশ পরিচয়ে আটক করে মারধর ও নির্যাতন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডলার দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।