Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / ডিপজলকে জিজ্ঞাসাবাদের দাবি সালমান শাহের মায়ের - Chief TV

ডিপজলকে জিজ্ঞাসাবাদের দাবি সালমান শাহের মায়ের - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  43 views
ডিপজলকে জিজ্ঞাসাবাদের দাবি সালমান শাহের মায়ের - Chief TV

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে মামলাটি। ডনকে গ্রেপ্তারে চলচ্চিত্র অভিনেতা ডিপজল সহযোগিতা করেছেন—এমন আলোচনা সামনে আসায় তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর মৃত্যুর সময় ডিপজল চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় ছিলেন। এ কারণে ওই সময়কার চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ঘটনা ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য তার জানা থাকতে পারে বলে মনে করেন তিনি। তদন্তের স্বার্থে ডিপজলকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলেও দাবি করেন নীলা চৌধুরী।

ডনকে সম্প্রতি বিমানবন্দর থেকে আটক করা হলেও এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন সালমানের মা। তার প্রশ্ন, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে ডন প্রকাশ্যে এফডিসিতে এসে নির্বাচনে অংশ নিলেন। এ সময় ডনকে বরণ করে নেওয়া ও আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে শিল্পী সমিতির সংশ্লিষ্টদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

ডন আটকের পর সালমান শাহর মামাকে নতুন করে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা চৌধুরী। একই সঙ্গে বিচার দাবিতে সোচ্চার সালমান শাহর ভক্তদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব হুমকি-ধমকিতে বিচার দাবির আন্দোলন থামবে না বলে জানান সালমানের মা।

এদিকে সালমান শাহ হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট’-এর ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। তাদের দাবি, ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ওরফে ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন ধরে মামলাটির বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন সালমান শাহর পরিবার ও ভক্তরা।


Share: