চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ঢাকার আদালতে এ আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। ওইদিন ডনকে আদালতে হাজির করা হবে।
সিআইডির আবেদনে বলা হয়েছে, ডনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রেও তার কাছ থেকে তথ্য পাওয়ার আশা করছে তদন্ত সংস্থা।
রিমান্ড আবেদনে ডনের সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের অবস্থান শনাক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে এবং কার সহযোগিতা বা প্ররোচনায় বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন, জিজ্ঞাসাবাদে সে বিষয়েও তথ্য পাওয়ার আশা করছে সিআইডি।
এর আগে গত ৯ আগস্ট ভোরে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে একই দিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।