Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / দুর্গাপূজায় নেচে সমালোচনার মুখে মুসলিম অভিনেত্রী - Chief TV

দুর্গাপূজায় নেচে সমালোচনার মুখে মুসলিম অভিনেত্রী - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  54 views
দুর্গাপূজায় নেচে সমালোচনার মুখে মুসলিম অভিনেত্রী - Chief TV

দুর্গাপূজার আনন্দে মেতে উঠে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। স্বামী যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে পূজামণ্ডপে ঘোরাঘুরি, ঢাক বাজানো ও ঢাকের তালে নাচের ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

ষষ্ঠীর দিন পূজার সাজে কলকাতার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে যান নুসরাত ও যশ। নুসরাতের পরনে ছিল হালকা গোলাপি শাড়ি, মানানসই ব্লাউজ ও হালকা গয়না। অন্যদিকে, যশ পরেছিলেন সাদা পাঞ্জাবি। একটি মন্দিরে এই তারকা দম্পতিকে ঢাক বাজাতে দেখা যায়। অন্য একটি পূজামণ্ডপে ঢাকের তালে নাচতে দেখা যায় নুসরাতকে।

তাঁদের সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর ধর্মীয় পরিচয় উল্লেখ করে নানা মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। কেউ তাঁর পূজায় অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন। কেউ কেউ তাঁর নাম পরিবর্তনের পরামর্শও দিয়েছেন।

তবে দুর্গাপূজায় অংশ নেওয়া নিয়ে নুসরাতকে এবারই প্রথম সমালোচনার মুখে পড়তে হলো, এমন নয়। এর আগেও দশমীতে সিঁথিতে সিঁদুর পরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

এসব সমালোচনার বিষয়ে আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরাত। বছর দুয়েক আগে পূজায় অংশ নেওয়া নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেছিলেন, অষ্টমীর দুপুরে ভোগ খেতে তাঁর ভালো লাগে এবং সমালোচনা সত্ত্বেও তিনি অঞ্জলি দেন, ভবিষ্যতেও দেবেন। তাঁর মতে, বিশ্বাস কোনো নির্দিষ্ট ধর্ম বা ভাষার ওপর নির্ভর করে না; এটি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।

নুসরাতের সেই বক্তব্য নতুন করে সামনে আসায় তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় পরিচয় নিয়ে আলোচনাও আবার সামনে এসেছে। তবে পূজায় অংশগ্রহণকে কেন্দ্র করে অভিনেত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা অব্যাহত রয়েছে।


Share: