Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনার দেওয়া এক বক্তব্য নিয়ে শফিকুলের স্ট্যাটাস - Chief TV

দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনার দেওয়া এক বক্তব্য নিয়ে শফিকুলের স্ট্যাটাস - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  29 views
দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনার দেওয়া এক বক্তব্য নিয়ে শফিকুলের স্ট্যাটাস - Chief TV

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চান না তিনি। এ সময় দেশে ফিরলে বিমানবন্দরে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান শেখ হাসিনা।

তার এ বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, শেখ হাসিনা খুব ভালো করেই জানেন, তার সঙ্গে বিমানবন্দরে যাওয়ার মতো কেউ নেই। ঢাকায় অসহায় অবস্থায় ফেলে রেখে তিনি কীভাবে দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন, সেটিও তারা ভুলে যায়নি বলে মন্তব্য করেন তিনি। আগরতলায় পালিয়ে যাওয়ার আগে শেখ পরিবারের শেষ সদস্যকেও নিরাপদে বের করে দেওয়া হয়েছে কি না, সেটিও শেখ হাসিনা নিশ্চিত করেছিলেন বলে দাবি করেন শফিকুল আলম।

এদিকে দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। শেখ সেলিম বর্তমানে দলটির সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য বলেও উল্লেখ করেন তিনি।

ছোটবোন শেখ রেহানা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথাও পুনর্ব্যক্ত করেন। তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বলেন, প্রত্যেকের জীবনের ঝুঁকি রয়েছে এবং দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চান না।


Share: