দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে স্ত্রীকে আনফলো করেছেন বিজয়—এমন দাবি ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, বিজয় শুরু থেকেই ইনস্টাগ্রামে কাউকে অনুসরণ করেন না বলে জানা গেছে।
অন্যদিকে, রাশমিকা এখনো ইনস্টাগ্রামে বিজয়কে অনুসরণ করছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করার বিষয়টি থেকে তাঁদের সম্পর্কে কোনো টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই তারকা দম্পতি।
সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের প্রেম ও বিয়ের নানা গল্প তুলে ধরেন বিজয় ও রাশমিকা। অনুষ্ঠানে বিজয় জানান, ইতালিতে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে পছন্দমতো আংটি না পাওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
পরে বিয়ের আগে সংগীত অনুষ্ঠানের দিন রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন বিজয়। জীবনের বিশেষ মুহূর্তের অনুভূতি থেকে রাশমিকা যেন বঞ্চিত না হন, সেটিই ছিল তাঁর ইচ্ছা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর বিয়ের মধ্য দিয়ে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তাঁরা।
২০১৮ সালে প্রথমবার একসঙ্গে কাজ করেন এই দুই তারকা। এরপর থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘ সময় নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিলেও শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিজয় ও রাশমিকা।