বলিউড অভিনেতা অজয় দেবগন এবার নাম লিখিয়েছেন টেলিভিশন উপস্থাপনায়। জনপ্রিয় ক্রাইমভিত্তিক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন উপস্থাপনা করছেন তিনি। টেলিভিশনে অজয়ের অভিষেক ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে তার বিশাল পারিশ্রমিকও।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি পর্বের চুক্তি করেছেন অজয় দেবগন। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা। সে হিসাবে প্রতি পর্বে তিনি পাচ্ছেন প্রায় ৬ কোটি টাকা।
এই পারিশ্রমিক অজয়কে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টেলিভিশন উপস্থাপকদের তালিকায় প্রথম সারিতে নিয়ে এসেছে। তবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টিভি হোস্টের শীর্ষস্থান এখনো বলিউডের ‘ভাইজান’ সালমান খানের দখলে।
দীর্ঘদিন ধরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর উপস্থাপনা করে আসছেন সালমান খান। প্রায় ১৫ বছর ধরে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর দিকে প্রতি পর্বে প্রায় আড়াই কোটি টাকা পারিশ্রমিক পেলেও সময়ের সঙ্গে তার পারিশ্রমিক কয়েকগুণ বেড়েছে।
‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম সিজনে সালমান খান সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছিলেন বলে বিভিন্ন ভারতীয় প্রতিবেদনে দাবি করা হয়। চার মাসের একটি পূর্ণাঙ্গ সিজনে তার মোট পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলেও আলোচনা রয়েছে।
প্রতি পর্বে প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে অজয় দেবগন টেলিভিশন উপস্থাপনায় নতুন আলোচনার জন্ম দিলেও পারিশ্রমিকের দৌড়ে এখনো সালমান খানকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি।