কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার নামে এক নেতা। নবগঠিত কমিটিতে তাঁকে পাঁচ নম্বর সহসাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্যসচিব সৈয়দ আহসান টিটুর অনুমোদনে চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি প্রকাশের পরপরই নিজের নাম থাকার বিষয়ে আপত্তি জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন মামুন মজুমদার।
ফেসবুক পোস্টে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে এনসিপি গঠন পর্যন্ত দায়বদ্ধতা থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও উপজেলা পর্যায়ে দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জানিয়েছিলেন। এরপরও তাঁর মতামত ছাড়াই কমিটিতে নাম রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।
পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, কমিটি ঘোষণার আগেই তিনি জানিয়েছিলেন, কমিটিতে থাকতে চান না। এরপরও ভুলবশত তাঁকে কমিটিতে রাখা হয়েছে। এ কারণে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তিনি জেলা কমিটির সদস্য হিসেবে থাকবেন বলে জানান।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু বলেন, মামুন মজুমদার লিখিত কোনো পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তাঁর পদত্যাগের পোস্ট তাঁরা দেখেছেন। ইতোমধ্যে সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে তাঁর নাম প্রত্যাহার করা হয়েছে।
তবে কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন জেলা এনসিপির এই নেতা।