কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিতর্কিত সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে বদলি করা হয়েছে। ঘুষ না দেওয়ায় ভুল রায় প্রদান এবং জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পর তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির বিষয়টি জানা যায়। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথও বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত একটি মামলায় ঘুষ না দেওয়ায় রাফিউর রহমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল রায় দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এছাড়া দপ্তরের একজন সাধারণ চেইনম্যানকে কানুনগো হিসেবে ব্যবহার করে ঘুষ ও দুর্নীতির একটি সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
চলতি বছরের ১৪ মে ‘ঘুষ না দেওয়ায় ভুল রায় দিলেন এসিল্যান্ড’ এবং ৮ জুলাই ‘চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য’ শিরোনামে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
এর পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত অফিস আদেশে রৌমারীর এসিল্যান্ড রাফিউর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রৌমারীতে যোগদানের পর থেকেই নামজারি, জমাভাগ ও খাসজমি বরাদ্দের ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে রাফিউর রহমানের বিরুদ্ধে। সাধারণ সেবাগ্রহীতাদেরও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ তাদের। তার বদলির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দা।
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, শুধু বদলি করলেই যথেষ্ট নয়। রাফিউর রহমানের সময়ে দেওয়া বিতর্কিত রায় ও অনিয়মের অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে রৌমারীর বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।