Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই ব্যবস্থা - Chief TV

ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই ব্যবস্থা - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  46 views
ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই ব্যবস্থা - Chief TV

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পদ-পদবি নয়, বরং ব্যক্তির জনপ্রিয়তা ও জয়ী হওয়ার সম্ভাবনা বিবেচনা করে প্রার্থী বাছাই করবে বিএনপি। প্রতীকবিহীন এ নির্বাচনে দল একজনকে সমর্থন দেবে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে দেশের রাজনীতিতে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে বিএনপি।

নির্বাচনে জয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাদের একক প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। কোথাও কোথাও একাধিক যোগ্য প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু বলেন, বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রাথমিকভাবে একজন বা দুজনকে বাছাই করা হয়েছে। তাঁদের মধ্য থেকে যাঁকে যোগ্য মনে হবে, তাঁকেই প্রার্থী করা হবে।

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল জানান, একক প্রার্থী বাছাইয়ের জন্য তাঁরা আগে থেকেই কাজ করছেন। এ বিষয়ে উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

বিএনপি বলছে, জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের সমর্থন দেওয়া হবে। এ ক্ষেত্রে দলীয় পদ-পদবির চেয়ে এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে একজন প্রার্থী বাছাই করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ গায়ের জোরে কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

রিজভী আরও বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় প্রার্থীরা নিজ নিজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে বিএনপি একজনকেই সমর্থন দেবে। এলাকায় যিনি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং যাঁর জয়ের সম্ভাবনা রয়েছে, তৃণমূলের নেতারা এমন ব্যক্তিকেই বাছাই করবেন। পরে দলের সবাই মিলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।


Share: