বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সম্প্রতি কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হন সোহান।
নুরুল হক নুর বলেন, ছয় মাস না যেতেই জামায়াতে ইসলামী সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে। বর্তমান সরকারকে নিয়ে দলটির নেতারা বিভিন্ন বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়া উচিত। কারণ ইসলামের নাম ব্যবহার করে দলটি ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তার দাবি, দলটির নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটেছে।
জামায়াতের নেতাদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, কুষ্টিয়ার এমপি আমির হামজা ও সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড এর উদাহরণ।
তিনি অভিযোগ করেন, আমির হামজা বিভিন্ন সময় নারী সংসদ সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এমনকি আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে দাবি করেন নুর।
প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডের পরও জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। তাই দলটির নাম থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।