Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন? - Chief TV

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন? - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  35 views
জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন? - Chief TV

দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সংসদের ৩৪৯ জন সদস্য এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন সংসদ সদস্যরা।

তবে এবারের নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই স্বতন্ত্র সংসদ সদস্য জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলেও এখনো তিনি সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। এমনকি ভোটকেন্দ্রে যাবেন কি না, সেটিও চূড়ান্ত করেননি।

গাজী নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তারপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কি না, কাকে ভোট দেব—এখনো সিদ্ধান্ত নিইনি।’ তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। দলীয় সংসদ সদস্য না হওয়ায় গাজী নজরুল ইসলামসহ আটজন স্বতন্ত্র সংসদ সদস্য যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ইতোমধ্যে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে গাজী নজরুল ইসলাম শেষ পর্যন্ত ভোট দিতে যান কি না এবং গেলে কোন প্রার্থীকে ভোট দেন—এখন সেটিই নির্বাচনের অন্যতম আলোচিত বিষয়।


Share: