জুলাই ২০২৬ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জ জেলার মধ্যে শতভাগের বেশি সাফল্য অর্জন করে প্রথম স্থান পেয়েছে শাহজাদপুর পৌরসভা। এ সময়ে পৌরসভাটি ১০৪ শতাংশ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সাফল্যের জন্য শাহজাদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রশংসিত হচ্ছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সাবরিনা শারমিন। সংশ্লিষ্টদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সহজ, দ্রুত ও জনবান্ধব করতে পৌরসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নাগরিকদের ভোগান্তি কমিয়ে সময়মতো সেবা নিশ্চিত করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার কারণে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জন্ম ও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ একটি নাগরিক সেবা। সরকারি বিভিন্ন সেবা গ্রহণের পাশাপাশি শিক্ষা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ নানা ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হয়। ফলে এ কার্যক্রমে জেলার মধ্যে প্রথম স্থান অর্জনকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা।
স্থানীয় নাগরিকদের দাবি, পৌর প্রশাসক মিজ্ সাবরিনা শারমিনের নেতৃত্বে নাগরিকসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, সেবার মানোন্নয়ন ও মানবিক আচরণের কারণে তিনি এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছেন বলে জানান তারা।
এদিকে ১৭ আগস্ট সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে শাহজাদপুর পৌর প্রশাসক মিজ্ সাবরিনা শারমিনের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সংশ্লিষ্টরা আশা করছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার মধ্যে প্রথম স্থান অর্জনের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং নাগরিকসেবায় আরও দৃষ্টান্ত স্থাপন করবে শাহজাদপুর পৌরসভা।