Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জ / কারামুক্ত বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে কর্মীর মৃত্যু - Chief TV

কারামুক্ত বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে কর্মীর মৃত্যু - Chief TV

2026-06-18  ডেস্ক রিপোর্ট  113 views
কারামুক্ত বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে কর্মীর মৃত্যু - Chief TV
চাঁপাইনবাবগঞ্জে কারামুক্ত দলীয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা কারাগারের ফটকের সামনে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।
 
নিহত কর্মীর নাম মিঠু আলী। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। বুধবার তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

দলীয় নেতার মুক্তির খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকেই জেলা কারাগারের সামনে শতাধিক নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। কারাফটক থেকে নেতা বের হওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার উচ্ছ্বাসের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কর্মী মিঠু আলী।
 
উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইশারুল ইসলাম তুষার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিকভাবে ধারণা করেন যে হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share: