Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় রাজমিস্ত্রি হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার - Chief TV

কাউনিয়ায় রাজমিস্ত্রি হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার - Chief TV

2026-08-24  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  35 views
কাউনিয়ায় রাজমিস্ত্রি হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার - Chief TV

রংপুরের কাউনিয়ায় আবু সিদ্দিক (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু সিদ্দিক হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি এবং দুই মেয়ে ও এক ছেলের বাবা। তাঁর ছোট ছেলের বয়স মাত্র ৪০ দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর আবু সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে পাশের জেলা লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। চরচতুরা গ্রামটি মিলন বাজারের সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা নির্জন রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে হারাগাছ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনদের দাবি, মিলন বাজারে গিয়ে তারা জানতে পারেন, বাজারসংলগ্ন একটি মাঠে বসে আবু সিদ্দিক মোবাইল ফোনে কারও সঙ্গে তীব্র বাকবিতণ্ডা করছিলেন। ওই ঘটনার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।


Share: