খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।
এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। খাগড়াছড়ি মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় খাগড়াছড়িতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।