Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / মাদক সেবন করিয়ে বাড়িতেই দিনের পর দিন ধর্ষণের অভিযোগ - Chief TV

মাদক সেবন করিয়ে বাড়িতেই দিনের পর দিন ধর্ষণের অভিযোগ - Chief TV

2026-08-19  ডেস্ক রিপোর্ট  115 views
মাদক সেবন করিয়ে বাড়িতেই দিনের পর দিন ধর্ষণের অভিযোগ - Chief TV

রাজধানীর মহাখালীতে ১৩ বছরের কিশোরী সিমির মৃত্যুর ঘটনায় ধর্ষণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, বাসায় সাবলেট হিসেবে থাকা এক দম্পতি কিশোরীকে নির্যাতন করে ভয়ভীতি দেখাতেন। এ ঘটনায় বনানী থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেছে পরিবার। তবে পুলিশের পক্ষ থেকে এমন কোনো অভিযোগ নিয়ে সিমি বা তার স্বজন থানায় এসেছিলেন—এমন তথ্য অস্বীকার করা হয়েছে।

পরিবারের ভাষ্য, মহাখালীর একটি ভবনের ষষ্ঠ তলায় মায়ের সঙ্গে থাকত সিমি। গত এপ্রিল মাসে দুই সন্তানসহ সাইদুর ও টুম্পা নামে এক দম্পতি সেখানে সাবলেট হিসেবে ওঠেন। তারা ১ মে বাসা ছেড়ে যাওয়ার পর সিমির আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার মা। পরে স্বজনদের জিজ্ঞাসাবাদে কিশোরী নির্যাতনের বিষয়ে তাদের জানায় বলে দাবি পরিবারের।

সিমির মায়ের অভিযোগ, মেয়েকে হুমকি ও শারীরিক নির্যাতন করা হতো। তাকে মাদক সেবনে বাধ্য করা এবং নির্যাতনের ভিডিও ধারণ করে ভয় দেখানোর অভিযোগও করেন তিনি। এ বিষয়ে মৃত্যুর আগে বনানী থানায় গিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি পরিবারের।

সিমির মা বলেন, থানায় গিয়ে তার মেয়ে ঘটনার বিস্তারিত জানিয়েছিল। পরে অভিযুক্ত ব্যক্তির ছবি দেখানো হলে পরদিন থানায় আসতে বলা হয়। কিন্তু পরদিন ফোন করে থানায় যাওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয় বলে দাবি করেন তিনি।

তবে বনানী থানা পুলিশের দাবি, সিমির মৃত্যুর আগে তিনি বা তার স্বজনেরা এ ধরনের অভিযোগ নিয়ে থানায় আসেননি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে বাসা ছেড়ে যাওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

পরিবারের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় তথ্য যাচাই না করেই বাড়ির ম্যানেজার ওই দম্পতিকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছিলেন। এতে তাদের পরিচয় ও অবস্থান যাচাই নিয়েও প্রশ্ন উঠেছে।

সিমির মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে পরিবারের অভিযোগ এবং পুলিশের বক্তব্যের মধ্যে যে ভিন্নতা তৈরি হয়েছে, সেটিও তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার কথা।


Share: