মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি একান্তই দেশের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও অস্বস্তিতে ভোগার প্রয়োজন নেই।
চলতি বছরের ১৯ মার্চ ইসলামি সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। ওই বৈঠকে সম্ভাব্য একটি যৌথ নিরাপত্তা চুক্তির কাঠামো নিয়েও আলোচনা হয়। এর ধারাবাহিকতায় গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় তিন দেশ একটি প্রতিরক্ষা চুক্তি সই করে।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে।
এদিকে, মক্কা চুক্তির আওতাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা সম্প্রতি সামনে এসেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের মতই পাওয়া যাচ্ছে।