সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত বহুল আলোচিত ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সরকারের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ ধরনের আন্তর্জাতিক চুক্তিতে দেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অক্ষুণ্ন রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) ওমরাহ পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিন দেশের মধ্যে যে চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সরকারের যে আগ্রহ রয়েছে, সেটিকে তারা ইতিবাচকভাবেই দেখছেন। বাংলাদেশের জন্য চুক্তিটি ফলপ্রসূ হলে এতে যুক্ত হওয়া ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, চুক্তিটির সম্ভাব্য সুবিধা ও অসুবিধা নিয়ে নিজেদের পর্যায় থেকে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি চুক্তিতে থাকা তিন দেশসহ সংশ্লিষ্ট কূটনৈতিক অংশীজনদের সঙ্গেও আলোচনা করছেন তারা।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ কোনো নির্দিষ্ট বলয়ে ঢুকে সামরিক বা বাণিজ্যিক বোঝাপড়ায় যায়নি। তাই সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখেই যেকোনো সামরিক বা বাণিজ্যিক চুক্তিতে যাওয়া উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গেও সমমানের পরিবেশ বজায় রাখতে হবে। সব ধরনের উদ্বেগ এড়িয়ে দেশের জন্য ফলপ্রসূ কোনো সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারলে সেটি অবশ্যই ইতিবাচক হবে।