Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন, ফোন পেয়েছেন যারা - Chief TV

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন, ফোন পেয়েছেন যারা - Chief TV

2026-08-21  ডেস্ক রিপোর্ট  37 views
মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন, ফোন পেয়েছেন যারা - Chief TV

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পাশাপাশি নতুন করে চারজন সদস্য যুক্ত হতে পারেন বলে আলোচনা চলছে। সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে গতি আনতে ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে মন্ত্রিসভায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন রাষ্ট্রপতি। সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তাদের শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাচিং প্রু জেরী গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় থাকা আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি ওই আসন থেকে নির্বাচিত হন।

আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য এবং বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক। তিনিও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে এর আগে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের কথাও ভাবা হচ্ছে। সরকারের কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় এ রদবদল আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল এবং সেগুলো পাঠানো হয়েছে। তবে কোন কোন কাজে গাড়িগুলো ব্যবহার করা হবে, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেবে।

মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সরাসরি নিশ্চিত বা অস্বীকার করেননি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য শপথ নেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন, তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।

নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়াবে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৫ জন।


Share: