চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে জামায়াতকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে।
বুধবার বিকেলে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সমাবেশে নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে সলিম উল্লাহ সেলিম বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনা ও শালীন ভাষা ব্যবহার করা উচিত। একই সঙ্গে তিনি নাসীরুদ্দীন পাটোয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এর আগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরেও চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।