Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ক্যাম্পাস / নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও - Chief TV

নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও - Chief TV

2026-08-21  ডেস্ক রিপোর্ট  39 views
নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও - Chief TV

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে পেতে স্বজন, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা জায়গায় খোঁজ চালাচ্ছেন। তবে একই সময়ে তার খালাতো ভাইয়ের স্ত্রীও নিখোঁজ হওয়ার তথ্য সামনে আসায় ঘটনাটি নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়ার রাজারহাটপুরের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে আসেন সৌভিক। পরে ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী একটি বাসে উঠে খুলনায় আত্মীয়ের বাসায় যান। বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালার বাসা থেকে বের হন তিনি।

সৌভিকের মা জানান, রাত সাড়ে ৯টার দিকে ছেলের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তখন সৌভিক জানান, তিনি কোনো বাস বা ট্রেন পাচ্ছেন না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্য ও সহপাঠীরা আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

এ ঘটনায় খুলনার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সৌভিকের সর্বশেষ অবস্থান দৌলতপুর এলাকায় পাওয়া যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে জিডি করেন।

তবে পুলিশ সূত্রে পরে আরও একটি তথ্য সামনে আসে। সৌভিকের মোবাইল ফোন বন্ধ হওয়ার পর তার খালাতো ভাই থানায় এসে জানান, তার স্ত্রীও ওইদিন নিখোঁজ হয়েছেন। তার দাবি অনুযায়ী, সৌভিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাসা থেকে বের হন। এরপর রাত ৯টা ৪৫ মিনিটে তার স্ত্রীও বাসা থেকে বের হন। বর্তমানে দুজনেরই কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পুলিশ ও পরিবারের ধারণা, একই সময়ে দুজন নিখোঁজ হওয়ার ঘটনায় কোনো যোগসূত্র থাকতে পারে। তবে সৌভিকের খালাতো ভাইয়ের স্ত্রীর নিখোঁজের বিষয়ে এখনো থানায় জিডি করা হয়নি। সৌভিককে খুঁজে পাওয়ার পর তার স্ত্রীকেও পাওয়া যেতে পারে বলে পরিবারের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

ইবির বায়োমেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করা হয়েছে। সৌভিকের বাবা কুষ্টিয়ায় জিডি করতে গিয়েছিলেন। পরে তার সর্বশেষ অবস্থান দৌলতপুর এলাকায় পাওয়া যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গিয়ে জিডি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার পরপরই থানা ও বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করছে। তবে পরে সৌভিকের খালাতো ভাইয়ের স্ত্রীও নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। ফলে ঘটনাটি অন্য কোনো দিকেও মোড় নিতে পারে বলে জানান তিনি।

এদিকে সৌভিক ও তার খালাতো ভাইয়ের স্ত্রীকে উদ্ধারে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে খোঁজ অব্যাহত রয়েছে।


Share: