খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি পৌর টাউন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, নিরাপদ ভবিষ্যতের জন্য সবাইকে মাদকমুক্ত হতে হবে। মাদক আমাদের বড় একটি সমস্যা। এটি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, খনিরঞ্জন ত্রিপুরা, রুমেল মারমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিনহাজ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।