গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইনের পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার ওই সংক্ষিপ্ত বার্তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’। যার বাংলা অর্থ—গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।
গ্যাস সংকট এবং নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে তার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে।
এর আগেও জাতীয় সংসদে দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি অনিয়মিত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের কারণে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের আসা-যাওয়ার অনিয়মিত পরিস্থিতিতে মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। কখন সেবা থাকবে আর কখন বন্ধ হয়ে যাবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এবার গভীর রাতে দেওয়া ফেসবুক পোস্টে ‘No gas no bill, No service no tax’ লিখে গ্যাস সংকট ও নাগরিক সেবার মান নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন এই সংসদ সদস্য।