Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন নতুন পরিকল্পনা - Chief TV

নওগাঁয় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন নতুন পরিকল্পনা - Chief TV

2026-08-24  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  60 views
নওগাঁয় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন নতুন পরিকল্পনা - Chief TV

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকালে হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং জেলা সদর হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস শয্যা স্থাপন করা হবে। এর ফলে জটিল রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। প্রতিটি জেলায় ৬০টি ডায়ালাইসিস মেশিন থাকবে। প্রতিটি মেশিন দিনে তিনটি করে সেবা দিতে পারলে প্রতিদিন ১৮০ জন রোগী ডায়ালাইসিসের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মেশিনের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তিন মাসের মধ্যে এগুলো স্থাপন করা সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ১০টি করে ডায়ালাইসিস শয্যা স্থাপন করা হবে। এ জন্য ভবন নির্মাণের ডিপিপি প্রস্তুত হয়েছে এবং দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় যাওয়া হবে।

তিনি আরও জানান, হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবাও নিশ্চিত করা হবে। ১৫১ শয্যার হাসপাতালগুলোতে মায়েদের জন্য ২৫টি এবং শিশুদের জন্য ২০টি শয্যা রাখা হবে। ফিজিওথেরাপির জন্য নারী ও পুরুষদের আলাদা ওয়ার্ড থাকবে। পাশাপাশি অত্যাধুনিক প্যাথলজি ল্যাব ও আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন আধুনিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

সারাদেশের হাসপাতালগুলোতে জনবল সংকট দূর করতে পাঁচ হাজার চিকিৎসক, আড়াই হাজার নার্স ও আড়াই হাজার ফার্মাসিস্ট নিয়োগের প্রস্তুতি চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক নিয়োগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সাক্ষাৎকারও চলছে বলে জানান তিনি।

দেশে অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে যথাযথ জবাবদিহি ছিল না। লাইসেন্সবিহীন ও অবৈধ প্রতিষ্ঠানগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধের চেষ্টা করছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

হাসপাতাল পরিদর্শনের সময় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share: