নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জাল নোট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি ওই এলাকায় ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামে একটি দোকান পরিচালনা করতেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, জাল নোট ও অপরাধবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, পয়না বাজারের ওই দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে।
পরে ডিবির একটি দল দোকানটিতে অভিযান চালায়। স্থানীয়দের উপস্থিতিতে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪৭ হাজার টাকা।
এ ছাড়া দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তারিকুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা করা হয়েছে। জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।