নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও জাহাঙ্গীর আলম গুলজারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার মহাদেবপুর, রানীনগর, আত্রাই, মান্দা, নিয়ামতপুর, নজিপুর, ধামইরহাট ও বদলগাছী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। এর মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা।