Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / নড়াইল / নড়াইলে বাড়ির সামনে থেকে শিক্ষিকার গলার চেইন ছিনতাই - Chief TV

নড়াইলে বাড়ির সামনে থেকে শিক্ষিকার গলার চেইন ছিনতাই - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  24 views
নড়াইলে বাড়ির সামনে থেকে শিক্ষিকার গলার চেইন ছিনতাই - Chief TV

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার দৃশ্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণা রানী চৌধুরী লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা এবং শিক্ষক সঞ্জিত কুমার দের স্ত্রী। তিনি ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটি শেষে ভ্যানযোগে বাড়ি ফেরেন কৃষ্ণা রানী। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলেও পরে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যান তিনি। এ সময় শিক্ষিকার হাতে থাকা একটি ছোট পার্টস ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে নগদ আট হাজার টাকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কৃষ্ণা রানী চৌধুরী জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটির ওজন এক ভরি দুই আনা। এর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষিকা বাড়িতে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে তার কাছে আসেন। পরে তিনি গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে চেইনটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুটা দূরে আরেক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। পরে মোটরসাইকেলে করে তারা পালিয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজও যাচাই করা হচ্ছে। ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত করা সম্ভব হলে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


Share: