জয়পুরহাটের পাঁচবিবিতে অনলাইন জুয়ায় সম্পৃক্ত থাকার অভিযোগে রুবেল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাঁচবিবি পৌরসভার রেল কলোনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় রুবেলকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় পাওয়া যায়।
ডিবি পুলিশের সিনিয়র এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই সাখাওয়াত হোসেন, এএসআই সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানাসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। আটক রুবেল পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান আসাদ জানান, রুবেল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জুয়া খেলার সময় আটক করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডিবি পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার বিস্তার রোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।