গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্বজনরা হামলার চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।