শারীরিক অসুস্থতার কারণে আপাতত বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা নেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের। বর্তমানে পায়ে অবশভাব থাকায় হাঁটাচলায় সমস্যার কথা জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন এবং হাঁটাচলায় বেশ কষ্ট হচ্ছে। এ কারণে আপাতত দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন হলে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিচ্ছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে সিএমএইচে যেতে হচ্ছে।
বঙ্গভবন ছাড়ার পর গুলশানের বাসায় ওঠার পর তিনি একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান।
বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বিষয়টি চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে। বিশেষজ্ঞরা প্রয়োজন মনে করলে ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এদিকে তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট এ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।