পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি তামা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক জানান, এ সময় দুর্বৃত্তরা প্রথমে আদম আলীকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ কিংবা কারা এর সঙ্গে জড়িত, তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।