আজ শুক্রবার ঐতিহাসিক ২৮ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রাশফায়ারে প্রাণ হারান ১২৮ জন নিরীহ সাধারণ মানুষ।
পাকুড়িয়ার সেই ভয়াবহ গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, মান্দা থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল কাদের, ভারশোঁ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৮ আগস্ট পাকুড়িয়ায় সংঘটিত এই নির্মম গণহত্যায় নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মুক্তিযুদ্ধের ইতিহাসে পাকুড়িয়া গণহত্যা নওগাঁ অঞ্চলের একটি বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। দীর্ঘ ৫৫ বছর পরও সেই দিনের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্থানীয়রা।