খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, প্রসব-পরবর্তী যত্ন, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পানছড়ি আর্মি ক্যাম্পে আয়োজিত এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমএ) তানজিম ইসলাম অর্ণব।
প্রশিক্ষণে বিভিন্ন সম্প্রদায়ের ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। তিন সপ্তাহ ধরে চলা এ প্রশিক্ষণে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তাসহ চার থেকে পাঁচজন প্রশিক্ষক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ দেবেন।
প্রশিক্ষণে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, সন্তান জন্মের পর মা ও শিশুর পরিচর্যা, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণার্থীরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এমন উদ্যোগ স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার তানজিম ইসলাম অর্ণব বলেন, বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের ৩৬ জন এতে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে তারা আশপাশের মানুষের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।