Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / পেটের ভেতর লুকিয়ে ৫০০ পিস ইয়াবা পাচার, ডিবি হাতে মাদক কারবারি গ্রেপ্তার

পেটের ভেতর লুকিয়ে ৫০০ পিস ইয়াবা পাচার, ডিবি হাতে মাদক কারবারি গ্রেপ্তার

2026-07-18  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  26 views
পেটের ভেতর লুকিয়ে ৫০০ পিস ইয়াবা পাচার, ডিবি  হাতে মাদক কারবারি গ্রেপ্তার

‎জয়পুরহাটে অভিনব কৌশলে পেটের ভেতর ইয়াবা লুকিয়ে পাচারের সময় মো. মুকুল (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তার পেটের ভেতর থেকে বিশেষ প্রক্রিয়ায় উদ্ধার করা হয়েছে ৫০০ পিস ইয়াবা।

‎শনিবার (১৮ জুলাই) জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম বেতার ঘরের তিন রাস্তার মোড়ে অভিযান চালায় ডিবির একটি দল। অভিযান চলাকালে সন্দেহভাজন মুকুলকে আটক করা হলেও প্রাথমিক দেহ তল্লাশিতে কোনো মাদক পাওয়া যায়নি।

‎পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তার এক্স-রে করা হলে পেটের ভেতরে সন্দেহজনক বস্তু শনাক্ত হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে মোট ৫০০ পিস ইয়াবা ছিল।

‎গ্রেপ্তারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

‎জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল স্বীকার করেছে যে, সে কক্সবাজার থেকে ইয়াবাগুলো পেটের ভেতর গিলে জয়পুরহাটে নিয়ে আসছিল।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Share: