Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা - Chief TV

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  46 views
পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা - Chief TV

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভুক্তভোগী গৃহবধূ বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। বুধবার (২৭ আগস্ট) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুসংকর মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (৩৫) এবং উত্তর চাদত্রিশিরা গ্রামের ফয়জুদ্দিন খানের ছেলে বাবুল খান (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী সৌদি আরবে থাকেন। তিনি বাড়িতে এক কন্যাশিশুকে নিয়ে বসবাস করেন। মামলার আসামিরা বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

গত ৯ আগস্ট বিকেলে আসামিরা গৃহবধূর বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়েন। পরিচয় জানতে চাইলে প্রধান আসামি আকাশ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খোলার পর আকাশ ও বাবুল জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় বাইরে আরও কয়েকজন পাহারায় ছিলেন। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর তিনি আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ তদন্তের কথা বলে সময়ক্ষেপণ করে। পরে তিনি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি আবেদন করেন। আদালত আবেদনটি পর্যালোচনা করে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুসংকর মল্লিক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Share: