ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি তোলার সময় পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার এসআই শামিমের নেতৃত্বে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের নজরে আসে। গাড়িটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক না থেমে দ্রুত পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে সেটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। এ সময় পুকুরের পানিতে গাঁজার প্যাকেট ভেসে উঠতে দেখা যায়। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয় এবং পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের মাধ্যমে গাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।