দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, তাই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইশরাক হোসেনকে ঘিরে সাম্প্রতিক ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকে আবারও সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, মাদক নির্মূলে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থা কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, বাংলাদেশের সীমান্ত অরক্ষিত থাকায় সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করছে, অথচ তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের এমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
ইশরাকের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন আখতার হোসেন। তাঁর ভাষ্য, বিষয়টি কি শুধু অস্ত্র সামনে নিয়ে আসার ঘটনা, নাকি এর সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো সম্পর্ক রয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আখতার হোসেন বলেন, শুধু লোকদেখানো পদক্ষেপ কিংবা ইশরাকের পদত্যাগের মতো ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে বাস্তব ও কার্যকর উদ্যোগ নিতে হবে।