নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল তাঁর।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।
জেলা প্রশাসক জানান, অনিবার্য কারণে রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।
এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে গত সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের কথা জানানো হয়েছিল। সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
তবে মঙ্গলবার সফর স্থগিতের ঘোষণা আসায় রাষ্ট্রপতির প্রথম জেলা সফর আপাতত হচ্ছে না।